‘খামোশ’ নিয়ে ছেলেখেলা! মেটা-গুগলকে কাঠগড়ায় তুলে আদালতের দ্বারস্থ শত্রুঘ্ন সিনহা!

নিজের আইকনিক সংলাপ ‘খামোশ’ এবং নিজস্ব ভঙ্গিমার অপব্যবহার রুখতে এবার আইনি লড়াইয়ে নামলেন প্রবীণ অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ই-কমার্স সাইটে তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে তৈরি হওয়া মিম ও বিজ্ঞাপনের বিরুদ্ধে সরব হয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চে এই আবেদন জমা পড়েছে।

অভিযোগের তির কাদের দিকে? ছেলে লব সিনহার মাধ্যমে দায়ের করা এই আবেদনে শত্রুঘ্ন সিনহা স্পষ্ট জানিয়েছেন, বিভিন্ন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও সংস্থা তাঁর অনুমতি ছাড়াই বাণিজ্যিক স্বার্থে তাঁর ব্যক্তিত্বকে ব্যবহার করছে। এই মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মেটা (ফেসবুক-ইনস্টাগ্রাম), এক্স (টুইটার), গুগল এবং একাধিক ই-কমার্স ওয়েবসাইটের। এমনকি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রককেও এই মামলায় পক্ষ করা হয়েছে।

২০ কোটি টাকার দাবি: শত্রুঘ্ন সিনহার দাবি, ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাঁর গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইন অনুযায়ী শিল্পী হিসেবে তাঁর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি তাঁর নাম, ছবি, স্বাক্ষর এবং জগৎবিখ্যাত ‘খামোশ’ সংলাপের অননুমোদিত ব্যবহার বন্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়েছেন। পাশাপাশি, তাঁর খ্যাতি ব্যবহার করে হওয়া অনৈতিক মুনাফার পরিপ্রেক্ষিতে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। আদালতের পর্যবেক্ষণ, ১৯৭৪ সালের ‘বদলা’ ছবিতে এই সংলাপটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি, যা আজ তাঁর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আদালত বর্তমানে এই আবেদনের ওপর রায় স্থগিত রেখেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy