ক্রিকেট মাঠের মতো মাঠের বাইরেও তাঁর গতি মারাত্মক। তবে এবার গতির চেয়েও তাঁর ‘ডিগবাজি’ বা ইউ-টার্ন নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভিকে ‘অযোগ্য’ বলে তোপ দাগার ২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল করলেন শোয়েব আখতার। আচমকাই সুর বদলে নাকভিকে ‘ভালো মানুষ’ এবং ‘নিষ্ঠাবান’ বলে সার্টিফিকেট দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
ঠিক কী ঘটেছিল? সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেটের চরম দুর্দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন শোয়েব। সেখানে পিসিবি প্রধান মহসিন নাকভিকে নিয়ে তাঁর কিছু মন্তব্য ঝড়ের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে এবার পালটা সাফাই দিলেন শোয়েব। তাঁর দাবি, তিনি কখনওই মহসিন নাকভিকে ব্যক্তিগতভাবে নিশানা করতে চাননি। শোয়েবের কথায়, “‘অযোগ্য’ মন্তব্যটি ছিল আসলে ক্রিকেটের উঁচু মহলের জন্য, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়।”
ভারতীয় সংবাদমাধ্যমকে তোপ: নিজের মন্তব্যের দায় সরাসরি ভারতীয় সংবাদমাধ্যমের ওপর চাপিয়েছেন শোয়েব। তাঁর অভিযোগ, “কিছু ভারতীয় টিভি চ্যানেল আমার কথা ঘুরিয়ে দেখিয়েছে।” তিনি আরও জানান, তিনি দর্শকদের অনুরোধ করেছিলেন নাকভির বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য না করতে। শোয়েবের বর্তমান দাবি অনুযায়ী, মহসিন নাকভি একজন সৎ মানুষ এবং তিনি সত্যিই পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাইছেন।
শোয়েব আখতারের এই ‘রাতারাতি ডিগবাজি’ নিয়ে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। অনেকেই মনে করছেন, পিসিবি-র চক্ষুশূল হওয়ার ভয়েই সম্ভবত এই ভোলবদল। যেখানে গতকাল পর্যন্ত তিনি পিসিবি-র খোলনলচে বদলে ফেলার ডাক দিচ্ছিলেন, আজ সেখানে চেয়ারম্যানের প্রশংসায় তাঁর ‘স্পিনার’ হয়ে যাওয়া দেখে হতবাক নেটিজেনরা।