বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং মঙ্গলবার তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঠিক প্রাক্কালে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বড়সড় ঘোষণা করল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়েছেন, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি ঢাকা ও দিল্লির বৃহত্তর কূটনৈতিক সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াবে না। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে, একটি মাত্র ইস্যুকে কেন্দ্র করে দশক পুরনো দ্বিপাক্ষিক সম্পর্ককে বিএনপি আটকে রাখতে চায় না।
ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং তাঁকে বিচারের মুখোমুখি করা জনগণের দাবি। আমরা আশা করি ভারত তাঁকে আমাদের হাতে তুলে দেবে। কিন্তু যদি তা নাও হয়, তাহলেও ভারতের সঙ্গে বাণিজ্যিক বা উন্নয়নমূলক অংশীদারিত্বে কোনো প্রভাব পড়বে না।” বরং বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে থাকা সমস্ত প্রকল্প দ্রুত শেষ করা এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই নয়া সরকারের লক্ষ্য। খালেদা জিয়ার জেলবাস ও তারেক রহমানের নির্বাসনকালে দলকে শক্ত হাতে ধরে রাখা ফখরুলের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।