ভারতীয় রেলের ভোলবদল করতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন যুগের সূচনা করতে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ (ABSS)-এর অধীনে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্টেশনগুলিকে কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং আধুনিক ‘সিটি সেন্টার’ হিসেবে গড়ে তোলা। এই পরিকল্পনায় আধুনিক ওয়েটিং রুম, লিফট, এসকেলেটর, ফ্রি ওয়াই-ফাই এবং এক্সিকিউটিভ লাউঞ্জের মতো বিশ্বমানের সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে মোট ৯২টি স্টেশনকে এই আধুনিকীকরণের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অসমের ৫০টি, ত্রিপুরার ৪টি এবং মেঘালয়, অরুণাচল, মণিপুরসহ বাকি রাজ্যগুলির একটি করে স্টেশন রয়েছে। বিশেষত, অসমের হয়বরগাঁও রেলওয়ে স্টেশনটি প্রথম সম্পূর্ণ ‘অমৃত ভারত স্টেশন’ হিসেবে ২০২৫ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধিত হয়েছে। এই স্টেশনটি অসমীয়া সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন।
কাজের অগ্রগতির ক্ষেত্রেও উত্তর-পূর্বাঞ্চল নজির গড়ছে। আলিপুরদুয়ার ডিভিশনের ফকিরাগ্রাম ও ধুবড়ী স্টেশনে ৮০ শতাংশের বেশি কাজ শেষ। রঙিয়া ডিভিশনের মাজবাট ও বিশ্বনাথ চারিয়ালী স্টেশন প্রায় ৯৭-৯৮ শতাংশ সম্পূর্ণ। মেঘালয়ের মেন্দিপথার স্টেশনেও ৭৩ শতাংশ কাজ এগিয়েছে। ‘এক স্টেশন এক পণ্য’ স্টলের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করছে এই প্রকল্প। আধুনিক পরিকাঠামো ও উন্নত সংযোগ ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চলটি আগামী দিনে আর্থ-সামাজিক উন্নয়নের প্রাণকেন্দ্র হয়ে উঠবে।