অবশেষে স্বস্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সোমবার দিল্লি হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তবে এই মুক্তি কিন্তু শর্তহীন নয়। আদালত সূত্রে খবর, বকেয়া টাকার মধ্যে ১.৫ কোটি টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ পালন করার পরই বিচারক এই সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবি তৈরির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা। সেই টাকা সুদে-আসলে বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকায়। চেক বাউন্স এবং বকেয়া টাকা না মেটানোর অভিযোগে গত কয়েক বছর ধরে আইনি টানাপোড়েন চলছিল। বারবার প্রতিশ্রুতি দিয়েও টাকা না মেটানোয় গত ৪ ফেব্রুয়ারি থেকে তিহার জেলে কাটছিল তাঁর দিন।
আগামী ১৯ ফেব্রুয়ারি রাজপাল যাদবের ভাইঝির বিয়ে। শাহজাহানপুরে আয়োজিত এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তিনি সাময়িক মুক্তির আবেদন করেছিলেন। সোমবার বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ১.৫ কোটি টাকা ডিমান্ড ড্রাফট জমা দেওয়ায় তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে। ১৮ মার্চ পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। আদালত রাজপালকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে এবং আগামী শুনানিতে তাঁকে সশরীরে বা ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। ১১ দিন পর জেলের অন্ধকার থেকে মুক্তি পেয়ে বিয়ের খুশিতে যোগ দিতে পারছেন অভিনেতা, যা তাঁর অনুরাগীদের কাছে বড় খবর।