পাকিস্তানের অশান্ত বালোচিস্তান প্রদেশে ঘনিয়ে এল এক ভয়াবহ সংকট। বালোচ বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা পাকিস্তানি সেনাবাহিনীর সাতজন জওয়ানকে বন্দি করেছে। শক্তিশালী বিদ্রোহী সংগঠন ‘বালোচ লিবারেশন আর্মি’ (BLA) এই অপহরণের দায় স্বীকার করে সরাসরি ইসলামাবাদকে ৭ দিনের চরম আল্টিমেটাম দিয়েছে। বিদ্রোহীদের দাবি না মানলে এই সাত সেনার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ঘটনার নেপথ্যে বিএলএ-র পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি বালোচিস্তানের বোলান এলাকায় পাকিস্তানি সেনার ওপর বড়সড় হামলা চালিয়েছিল তাদের ‘ফতেহ স্কোয়াড’। সেই রক্তক্ষয়ী লড়াইয়ের সময় ওই সাত সেনাকে জীবন্ত আটক করা হয়। জিম্মি করা জওয়ানদের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁদের অত্যন্ত বিমর্ষ অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে।
কী চায় বিএলএ? বিদ্রোহীদের দাবি অত্যন্ত স্পষ্ট। পাকিস্তান জেলের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি থাকা তাদের সংগঠনের একাধিক সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া বালোচিস্তানে পাক সেনার ‘নিখোঁজ’ করার যে অভিযোগ দীর্ঘদিনের, সেই সব ব্যক্তিদের তালিকা ও তথ্য পেশ করতে হবে। বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বালোচ জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে ইসলামাবাদ যদি আলোচনায় না বসে বা তাদের দাবি না মানে, তবে এই সাত সেনার জন্য পাকিস্তান সরকারই দায়ী থাকবে।
ইসলামাবাদের অস্বস্তি এই আল্টিমেটাম পাকিস্তান সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর আগেও বহুবার বালোচ বিদ্রোহীরা চীনা ইঞ্জিনিয়ার ও পাকিস্তানি সেনার ওপর হামলা চালিয়েছে। কিন্তু একসাথে সাতজন সেনাকে বন্দি করে প্রকাশ্যে আল্টিমেটাম দেওয়ার ঘটনা সাম্প্রতিক কালে বিরল। পাকিস্তান সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে বালোচিস্তান জুড়ে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে খবর।