ভারত-পাক মহারণে পাকিস্তানের হারের পর পাক ক্রিকেটে শুরু হয়েছে তীব্র গৃহযুদ্ধ। এবার শিরোনামে খোদ ‘লালা’ অর্থাৎ শহীদ আফ্রিদি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর জামাই শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স নিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন তিনি। একটি টেলিভিশন টক-শো’তে আলোচনা চলাকালীন শহীদ আফ্রিদি সোজাসুজি বলেন, “ও (শাহিন) যদি দলের কোনো কাজে না আসতে পারে, তবে ওকে দল থেকে বের করে দেওয়া উচিত।”
আফ্রিদির এই মন্তব্যটি বিশেষ করে শাহিনের গুরুত্বহীন বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে না পারার পরিপ্রেক্ষিতে এসেছে। শ্বশুরমশাইয়ের মতে, মাঠে কেবল সম্পর্কের খাতিরে বা নামের ভারে টিকে থাকা যায় না। তিনি বলেন, “আমি সবসময়ই সোজাসুজি কথা বলতে ভালোবাসি। যদি শাহিন ওর দায়িত্ব ঠিকমতো পালন না করে, তবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। দলের স্বার্থে ওর ওপর কঠোর হওয়া প্রয়োজন।”