রাজস্থানের খয়েরথাল-তিজারা জেলার ভিওয়াড়ি শিল্পাঞ্চলে সোমবার সকালে এক ভয়াবহ বিপর্যয় নেমে এল। একটি রাসায়ানিক কারখানায় (Chemical Factory) পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ফলে মুহূর্তের মধ্যে গোটা বিল্ডিংটি আগুনের গ্রাসে চলে যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণ: প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ কারখানার ভেতরে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেই সময় ভেতরে প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। রাসায়ানিক ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ৬টি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৮ জন জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৫ জন বিহারের মোতিহারির বাসিন্দা।
প্রধানমন্ত্রীর শোকবার্তা: এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএমও-র (PMO) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “রাজস্থানের ভিওয়াড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।
তদন্তের নির্দেশ: অভিযোগ উঠেছে, পোশাক তৈরির লাইসেন্স থাকলেও ওই কারখানায় বেআইনিভাবে বাজি তৈরির মশলা বা বিস্ফোরক মজুত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।