বরানগরে এক ইন্টিরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিত্র দাস। এই নিয়ে ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত কাউকেই রেয়াত করা হবে না।
ঘটনার সূত্রপাত ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের অভিযোগকে কেন্দ্র করে। তাঁর দাবি, বারাসাতে এক দম্পতির বাড়িতে কাজ করার জন্য ১ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। টাকা না দেওয়ায় তাঁকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বনহুগলি যুবক সংঘ ক্লাবে নিয়ে গিয়ে আইএনটিটিইউসি (INTTUC) নেতা শঙ্কর রাউতের সামনে মারধর করা হয়। অন্যদিকে, শঙ্কর রাউত ও ওই আইনজীবী দম্পতি পাল্টা অভিযোগ করেছেন সুদীপ্তের বিরুদ্ধে। তাঁদের দাবি, টাকা নিয়েও কাজ না করে উল্টে নেতার নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছিলেন ডিজাইনার। মারধরের অভিযোগ অস্বীকার করে শঙ্করবাবু একে কেবল ‘বসে আলোচনা’ বলে দাবি করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।