রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপহার ‘বাংলার যুব সাথী’। গত ৫ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট ঘোষণার পর রবিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এই প্রকল্পের ফর্ম বিলি ও আবেদন গ্রহণ। মাধ্যমিক উত্তীর্ণ বেকাররা ৫ বছরের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন।
তবে রবিবারের ক্যাম্পে দেখা গেল এক করুণ অথচ বাস্তব চিত্র। বেহালা পূর্বের সপ্তর্ষি ঘোষ, যিনি মাস্টার ডিগ্রিতে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’, তিনিও চাকরির অভাবে দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। কোচবিহারে আবার হবু ডাক্তার শুভ্রনীল দের জন্য তাঁর মাকে দেখা গেল ফর্ম সংগ্রহ করতে। রাজ্যের উচ্চশিক্ষিত তরুণ প্রজন্মের এই অসহায়তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, সরকার কর্মসংস্থানে ব্যর্থ হয়ে ভাতা দিয়ে মুখ ঢাকছে। অন্যদিকে, সাধারণ মানুষের একাংশের মতে, চাকরি না পাওয়া পর্যন্ত এই টাকাই এখন তাঁদের একমাত্র সম্বল।