নির্বাচনের আগে তৃণমূলের ‘ব্রহ্মাস্ত্র’ বাংলা ভাষা! পুরসভার অধিবেশনে জারি হলো নজিরবিহীন নির্দেশ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ‘বাঙালি অস্মিতা’কে রাজনীতির ময়দানে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে এবার খোদ কলকাতা পুরসভায় বাংলাকে প্রতিবাদের ভাষা করার ডাক দেওয়া হয়েছে। পুরসভার বাজেট অধিবেশনে দলের সমস্ত কাউন্সিলরকে শুধুমাত্র বাংলাতেই বক্তৃতা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে বিশেষ ‘হুইপ’ জারি করেছেন তৃণমূলের মুখ্যসচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত।

বাপ্পাদিত্যবাবুর সাফ বার্তা, “বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হয়ে বাজেট অধিবেশনে সকল বক্তৃতা বাংলাতেই করতে হবে।” এই নির্দেশের ফলে বিপাকে পড়তে পারেন শাসকদলের সেইসব কাউন্সিলররা, যাঁদের মাতৃভাষা হিন্দি বা উর্দু। যদিও মুখ্যসচেতকের মতে, রবীন্দ্রনাথ-বঙ্কিমচন্দ্রের বাংলায় কথা বলার জন্য যখন দেশের অন্যত্র বাঙালি আক্রান্ত হচ্ছে, তখন কলকাতাই হোক প্রতিবাদের কেন্দ্র। তবে এই নির্দেশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, এটি আসলে মেয়রকে কটাক্ষ করা অথবা অ-বাংলাভাষী কাউন্সিলরদের কণ্ঠরোধ করার চেষ্টা। সোমবার ও মঙ্গলবারের অধিবেশনে এখন সকলের নজর থাকবে অ-বাংলাভাষী কাউন্সিলরদের ভাষণের দিকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy