বলিউডে গ্যাংস্টার আতঙ্ক থামার নামই নিচ্ছে না। সলমন খানের পর এবার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর নিশানায় অভিনেতা রণবীর সিং। সম্প্রতি রণবীরের টিমের কাছে একটি হুমকি ভরা ভয়েস নোট পাঠানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে মোটা অঙ্কের টাকা। পরিষ্কার জানানো হয়েছে, দাবি পূরণ না হলে তার ফল হবে মারাত্মক। এই ঘটনায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের নজরে এখন বিষ্ণোই গ্যাং এবং হ্যারি বক্সার নামে আরও এক সন্দেহভাজন।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভয়েস নোটটি পাঠানো হয়েছে যাতে প্রেরকের পরিচয় এবং অবস্থান আড়ালে থাকে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত অপরাধচক্রের কাজ বলে মনে করছেন তদন্তকারীরা। এই হুমকির জেরে রণবীর সিং ও তাঁর পরিবারের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অভিনেতার মুম্বইয়ের বাসভবনের বাইরে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ। সন্দেহভাজনদের ফোন কল রেকর্ড এবং পুরনো অপরাধের খতিয়ান খতিয়ে দেখছে পুলিশ। বলিউডের এই মেগা স্টারকে ঘিরে নতুন করে তৈরি হওয়া এই আতঙ্কে এখন রীতিমতো উদ্বেগে চলচ্চিত্র মহল।