বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা ঘিরে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর—বরিশাল-৫ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাসদ মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। তবে শুক্রবার সকালেই এই তথ্যের সত্যতা নিয়ে খোদ প্রার্থীই মুখ খুলেছেন। ফেসবুক পোস্টে মনীষা স্পষ্ট জানিয়েছেন, তাঁর জয়ের খবরটি আসলে একটি ‘অনলাইন গুজব’।
মনীষা চক্রবর্তী লেখেন, “আমি বিজয়ী হইনি। তবে জনগণের আকুণ্ঠ সমর্থনে আমাদের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে।” তিনি জানান, ১৭৬টি কেন্দ্রের মধ্যে ৯০টি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি ১৪ হাজার ভোট পেয়েছেন। জয় না এলেও মানুষের এই ভালোবাসাকেই আগামীর লড়াইয়ের পাথেয় হিসেবে দেখছেন ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই বামপন্থী নেত্রী।
এদিকে, শেখ হাসিনা পরবর্তী এই নির্বাচনে দেশজুড়ে বইছে বিএনপির হাওয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি ১৬৬টি আসনে জয়ী হয়ে ক্ষমতার দোরগোড়ায়। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৫৭টি আসনে জয় পেলেও বড় চমক দিয়েছেন তাদের আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীকে ২১ হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। শুক্রবার ভোরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শফিকুর রহমানের ৮৫ হাজার ১৩১ ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।