মুর্শিদাবাদ জেলার কান্দি শহরকে আরও সুন্দর ও নিরাপদ করতে বড়সড় উদ্যোগ নিল কান্দি পৌরসভা। শহরের দীর্ঘদিনের সমস্যা ও নাগরিকদের দাবিকে মান্যতা দিয়ে ৩৫টি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় আধুনিক লোহার ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এর ফলে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, তেমনই শহরের সৌন্দর্যেও আসবে নতুনত্বের ছোঁয়া।
কেন এই উদ্যোগ? কান্দি পৌরসভার অন্তর্গত পুকুর ও স্বরূপখালি খালের ধার দিয়ে চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত। অন্ধকার রাতে বা অসাবধানতায় টোটো কিংবা ছোট গাড়ি সরাসরি পুকুরে পড়ে গিয়ে বড় বিপত্তি হওয়ার আশঙ্কা থাকত। নাগরিকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই এলাকাগুলিতে স্থায়ী বাধার দাবি জানানো হচ্ছিল। সেই আরজি মেনেই ‘আমার পাড়া আমাদের সমাধানে’ প্রকল্পের অধীনে এই কাজের সূচনা করা হলো।
১৮টি ওয়ার্ড জুড়েই উন্নয়নের হাওয়া পৌরসভা সূত্রে খবর, ইতিমধ্য়েই ৩ নম্বর ও ১১ নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন এলাকায় পুকুর ধার বাঁধানো ও লোহার গেট দিয়ে ঘেরার কাজ সম্পন্ন হয়েছে। পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, “শহরবাসীর নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। তাঁদের দাবি মেনেই ৩৫টি জায়গাকে চিহ্নিত করে এই ফেন্সিংয়ের কাজ চালানো হচ্ছে।”
ডি-ক্যাটাগরি পৌরসভা হওয়া সত্ত্বেও যেভাবে পানীয় জল ও রাস্তাঘাটের পাশাপাশি নিরাপত্তার খাতিরে শহরকে মুড়ে ফেলা হচ্ছে, তাতে খুশি শহরবাসী। লোহা দিয়ে স্থায়ীভাবে ধার বাঁধানোর ফলে শহরের দৃশ্যপটও আমূল বদলে যাচ্ছে।