দীর্ঘ নাটকের অবসান। আসন্ন রবিবাসরীয় ক্রিকেট যুদ্ধের মহড়া চূড়ান্ত। নিজেদের বয়কটের জেদ থেকে ১৮০ ডিগ্রি ঘুরে অবশেষে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নামার সবুজ সংকেত দিল পাকিস্তান সরকার। সোমবার গভীর রাতে পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “বন্ধু দেশগুলির অনুরোধ এবং বেশ কিছু শর্তে উপনীত হওয়ার পর” বাবর আজমদের মাঠে নামার অনুমতি দেওয়া হচ্ছে।
সম্প্রতি লাহোরে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে পাক বোর্ড প্রধান মহসিন নকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলামের একটি দীর্ঘ বৈঠক হয়। সেখানে আর্থিক ক্ষতিপূরণ এবং আগামীতে আইসিসি ইভেন্ট আয়োজনের মতো একাধিক দাবি তোলে বাংলাদেশ। তবে পাকিস্তান যে সুযোগ বুঝে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শুরু বা সূর্যকুমার-সলমনদের করমর্দনের মতো হাস্যকর সব দাবি জানিয়েছিল, তা সপাটে খারিজ করে দিয়েছেন আইসিসি-র ইমরান খোয়াজা।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বয়কটের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আসলে আন্তর্জাতিক মহলে একা হয়ে পড়ছিল। বিশেষ করে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলি, যারা দুঃসময়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল পাকিস্তানের এই হঠকারিতার জন্য। শেষ পর্যন্ত বন্ধু দেশগুলির চাপে এবং কোণঠাসা হয়ে ‘বাধ্য ছেলের’ মতো লড়াইয়ে ফিরতে রাজি হলো পাকিস্তান। যদিও এই গোটা ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট মহলে পাক বোর্ড এবং বিসিবি-র অবস্থান যথেষ্ট হাস্যস্পদ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করা হচ্ছে।