পিরিয়ড চলাকালীন প্রচণ্ড যন্ত্রণা ও নাচ! ‘শরারত’ গানের শুটিংয়ে কেঁদে ফেলেছিলেন আয়েশা খান?

বর্তমানে পার্টি অ্যান্থেম মানেই ‘ধুরন্ধর’ ছবির সুপারহিট গান ‘শরারত’। ক্রিস্টাল ডি’সুজার সঙ্গে এই গানে পা মিলিয়ে রাতারাতি ‘ডান্সিং কুইন’ হয়ে উঠেছেন ২৩ বছর বয়সী অভিনেত্রী আয়েশা খান। কিন্তু পর্দার এই ঝলমলে উপস্থিতির আড়ালে লুকিয়ে ছিল এক যন্ত্রণাদায়ক লড়াই। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়শা ফাঁস করেছেন যে, শুটিংয়ের সময় তিনি পিরিয়ডসের অসহ্য যন্ত্রণার মধ্যে ছিলেন, যা তাঁর জন্য শারীরিক ও মানসিকভাবে ছিল অত্যন্ত চাপের।

আয়শা জানান, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলির তৈরি করা জটিল হুক স্টেপগুলো আয়ত্ত করা মোটেও সহজ ছিল না। বিশেষ করে পিরিয়ড চলাকালীন শরীর ফুলে থাকা এবং চরম ক্লান্তি তাঁকে বিধ্বস্ত করে দিয়েছিল। অভিনেত্রীর কথায়, “টানা দুই দিন শুটিং ছিল। পিরিয়ডের সময় নিজের সেরা অবস্থায় থাকা সম্ভব হয় না, সবকিছু ঠিকঠাক লাগে না। তবুও নিজের সবটুকু দিয়ে কাজ করতে হয়েছে। পরিস্থিতি এমন ছিল যে আমরা নিজেরাই ঠিক বুঝতে পারছিলাম না কী হচ্ছে।”

শুটিং সেটের ব্যস্ততা নিয়ে আয়শা আরও জানান, ওই দুই দিনের মধ্যেই রণবীর সিং ও সারা অর্জুনের বিয়ের দৃশ্যও শুট করা হচ্ছিল, যা গানের ব্যাকগ্রাউন্ডে দেখা যায়। সময়ের অভাবে বিরতি নেওয়ার সুযোগ ছিল না বললেই চলে। আয়শা বলেন, “আমরা এত নাচ করেছিলাম যে শরীরের হাড় পর্যন্ত ব্যথা করছিল। পিরিয়ডের কারণে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এবং খুশির চোটে কেঁদেও ফেলেছিলাম। এই সাফল্য পাওয়ার পর সেই সব কষ্টের কথা মনে পড়ে চোখের জল চলে এসেছিল।”

সোশ্যাল মিডিয়ায় আয়শার এই অকপট স্বীকারোক্তি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনরা তাঁর পেশাদারিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার ভূয়সী প্রশংসা করছেন। পিরিয়ডসের মতো প্রাকৃতিক শারীরিক অবস্থাকে উপেক্ষা করে যেভাবে তিনি পর্দায় ঝড় তুলেছেন, তা অনেক উঠতি শিল্পীর কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy