ভারতীয় আকাশসীমায় এবার নয়া শক্তির আস্ফালন। শত্রুপক্ষকে কড়া বার্তা দিতে এবং বায়ুসেনার ভাঁড়ার শক্তিশালী করতে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পথে হাঁটছে ভারত। এই মেগা প্রজেক্টের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চলতি মাসের শেষেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ-র ভারত সফর চলাকালীন এই ঐতিহাসিক চুক্তিতে সিলমোহর পড়তে পারে।
প্রতিরক্ষা পরিষদের মেগা বৈঠক: সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল (DAC)-এর একটি হাই-প্রোফাইল বৈঠক হতে চলেছে খুব শীঘ্রই। সেখানেই এই কয়েক বিলিয়ন ডলারের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন মিলতে পারে। গত মাসেই প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন ডিফেন্স প্রকিওরমেন্ট বোর্ড এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিল।
কেন এই তাড়াহুড়ো? বর্তমানে ভারতীয় বায়ুসেনার অনুমোদিত স্কোয়াড্রন সংখ্যা ৪২ হলেও, বাস্তবে তা কমে দাঁড়িয়েছে ২৯-এ। প্রতিটি স্কোয়াড্রনে ১৮টি করে বিমান থাকে। উত্তর ও পশ্চিম সীমান্তে চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সক্রিয়তা ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে দুই প্রতিবেশীর সামরিক সখ্যতা বৃদ্ধির মুখে বায়ুসেনার শূন্যতা পূরণ করা এখন জাতীয় নিরাপত্তার প্রধান অগ্রাধিকার।
মেক ইন ইন্ডিয়া-তে জোর: প্রস্তাবিত ১১৪টি রাফালের মধ্যে ১৮টি ফ্রান্স থেকে সরাসরি ওড়ার জন্য প্রস্তুত অবস্থায় (Fly-away condition) আসবে। বাকি যুদ্ধবিমানগুলি ভারতেই তৈরি করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে ফরাসি সংস্থা ‘দাসোঁ’ ভারতের কোনো বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে কাজ করতে পারে। জানা গিয়েছে, এই লটের মধ্যে ৮৮টি সিঙ্গল-সিটার এবং ২৬টি টু-সিটার যুদ্ধবিমান থাকবে। অত্যাধুনিক সেন্সর এবং লং-রেঞ্জ মিসাইল ক্ষমতা সম্পন্ন এই রাফাল ভারতীয় বায়ুসেনাকে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করবে।