নদীর চরে পড়ে থাকা বস্তুটি যে সাক্ষাৎ যমদূত, তা বুঝতে পারেনি ১৭ বছরের রওনাক চৌধুরী। অব্যবহৃত মর্টার শেল পোড়াতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো একাদশ শ্রেণির এক ছাত্রের। রবিবার দুপুরে জলপাইগুড়ির মালবাজার ব্লকের বাগরাকোট এলাকায় এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত গোটা জেলা।
পুলিশ সূত্রে খবর, বাগরাকোট সেনা ছাউনির অন্তর্গত তিস্তা ফায়ারিং রেঞ্জ এলাকায় নদীর চরে গিয়েছিল সাউগাঁও বস্তির বাসিন্দা রওনাক। সেখান থেকেই সে একটি অবিস্ফোরিত মর্টার শেল কুড়িয়ে পায়। কৌতূহলবশত সেটি পোড়ানোর চেষ্টা করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কিশোরের একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ওই যুদ্ধাস্ত্রটি নদীর চরে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধাস্ত্র নিয়ে অসচেতনতা যে কতটা প্রাণঘাতী হতে পারে, এই ঘটনা তারই এক করুণ উদাহরণ।