বিহারের মাধেপুরায় সরকারি স্কুলের মিড ডে মিল খেয়ে হুলস্থূল পড়ে গেল শনিবার। সাহুগড় গ্রামের একটি আপগ্রেডেড মিডল স্কুলে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। বমি, তীব্র পেটব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে অন্তত ৭০ জন পড়ুয়াকে তড়িঘড়ি মাধেপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক ছাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
টিকটিকি-আতঙ্ক ও উত্তেজনা: অভিভাবকদের দাবি, মিড ডে মিলের ডাল বা খিচুড়িতে মরা টিকটিকি পড়ে ছিল। সেই বিষাক্ত খাবার খেয়েই শিশুরা অসুস্থ হয়েছে। খবর চাউর হতেই স্কুলের সামনে ভিড় জমান ক্ষুব্ধ অভিভাবকরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা শিক্ষা আধিকারিক (DEO) সঞ্জয় কুমার হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুদের খোঁজ নেন। তিনি জানিয়েছেন, একটি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও-র মাধ্যমে এই খাবার সরবরাহ করা হত। ইতিমধ্য়েই সেই সংস্থাকে শোকজ করা হয়েছে এবং খাবারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।