রবিবারের সকালে আচমকাই আতঙ্ক ছড়াল উত্তর কলকাতার লেকটাউন এলাকায়। লেকটাউন মিলন সংঘ ক্লাবের কাছে একটি বিশাল পুরনো কৃষ্ণচূড়া গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তার ওপর গাছটি পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ থমকে যায়। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় পার্ক করে রাখা দুটি গাড়ি। গাছটি সরাসরি গাড়ি দুটির ওপর পড়ায় সেগুলি কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ও দমকল: ঘটনার খবর পাওয়ামাত্রই দ্রুত পৌঁছায় লেকটাউন থানার পুলিশ এবং দমকলের কর্মীরা। উপস্থিত হন পুরসভার বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। করাত দিয়ে গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়। ছুটির দিন হওয়ায় রাস্তায় ভিড় তুলনামূলক কম ছিল, তাই বড় কোনো প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুরনো গাছ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।





