বৃহস্পতিবার ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে নজিরবিহীন টানাপড়েনের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। একদিকে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, প্রায় একই সময়ে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিল ২০০৯ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
বাজেটে ৪ শতাংশ বৃদ্ধির ফলে রাজ্যের ডিএ ১৮% থেকে বেড়ে ২২% হলেও কেন্দ্রীয় হারের সঙ্গে ব্যবধান রয়ে গেল ৩৬ শতাংশ। এই ঘোষণাকে ‘ললিপপ’ ও ‘ভিক্ষা’ বলে কটাক্ষ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের সারমেয় মনে করেন। ৪ শতাংশ ভিক্ষা দিয়ে আমাদের শান্ত করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া না মেটালে বিধানসভা ভোটের আগে সরকার নজিরবিহীন আন্দোলনের মুখে পড়বে।”
শীর্ষ আদালতের এই রায়ের ফলে রাজ্যের কোষাগারে প্রবল চাপ সৃষ্টি হয়েছে। বকেয়ার ২৫ শতাংশ মেটাতেই সরকারের খরচ হবে প্রায় ১০,৫০০ কোটি টাকা, যা রাজ্যের মোট কৃষি বাজেটের থেকেও বেশি। বাকি ৭৫ শতাংশ বকেয়া মেটানোর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। বিরোধীরা একে সরকারের নৈতিক পরাজয় বললেও, তৃণমূল শিবিরের দাবি, সুপ্রিম রায়ের ফলে কিস্তিতে বকেয়া মেটানোর সুযোগ পাওয়ায় সরকার কিছুটা সময় পেল।