পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যে এখনও প্রায় ১০ থেকে ১২ লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। যদিও ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষ ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে এবং ১ কোটি ৬ লক্ষ ভোটারের তথ্য পোর্টালে আপলোড করার কাজ শেষ। কিন্তু প্রশ্ন উঠছে, আগামী ৭ ফেব্রুয়ারির নির্ধারিত সময়সীমার মধ্যে কি বাকি শুনানি শেষ করা সম্ভব?
কমিশন সূত্রে খবর, মালদা এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জনবহুল জেলাগুলি ইতিমধ্যেই সময়সীমা বাড়ানোর জন্য সিইও দফতরে আবেদন জানিয়েছে। তাঁদের দাবি, বিপুল পরিমাণ ভোটারের শুনানি ওই সময়ের মধ্যে শেষ করা প্রায় অসম্ভব। এই প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হচ্ছে। অন্যদিকে, শুনানি শেষ হওয়ার আগেই ‘নিখোঁজ’ ও ‘অনুপস্থিত’ থাকার কারণে প্রায় ৫০ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন নির্বাচনী আধিকারিকরা (ERO)।
এই ডামাডোলের মাঝেই সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়া এবং মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিসও পাঠিয়েছে। সব মিলিয়ে বাংলার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এখন একদিকে আইনি লড়াই এবং অন্যদিকে সময়সীমার চাপে সরগরম।