ভোটের মুখে ‘মাস্টারস্ট্রোক’ মমতার! ৪% ডিএ বৃদ্ধির সঙ্গে সপ্তম বেতন কমিশনের ঘোষণা বাজেটে

বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) আরও ৪ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে এতদিন কর্মচারীরা ১৮ শতাংশ হারে যে ডিএ পাচ্ছিলেন, ১ এপ্রিল থেকে তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে।

তবে ডিএ-র চেয়েও বড় চমক ছিল সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের ঘোষণা। দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার অবশেষে নতুন পে কমিশন গঠনের কথা জানানোয় সরকারি কর্মীদের একাংশের মধ্যে খুশির হাওয়া। শুধু সরকারি কর্মচারীই নন, বাজেটে ‘কল্পতরু’ হয়ে মুখ্যমন্ত্রী কার্যত সব স্তরের মানুষের মন জয়ের চেষ্টা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১,৭০০ টাকা করে পাবেন।

এছাড়াও সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ১,০০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বেকারদের জন্য ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের অধীনে মাসে ১,৫০০ টাকা ভাতার ঘোষণা করা হয়েছে।

মজার বিষয় হলো, এদিনই সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত এক ঐতিহাসিক রায়ে রাজ্যকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে। সেই দিনই বাজেটে ডিএ বৃদ্ধি ও পে কমিশনের ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে ৪ শতাংশ ডিএ বাড়লেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ব্যবধান এখনো ৩৬ শতাংশ রয়ে গেল, যা নিয়ে সরব কর্মচারী সংগঠনগুলো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy