আমি রাজনীতির শিকার’! দু’বছর পর বিস্ফোরক সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

দীর্ঘ নীরবতা ভেঙে ফের সংবাদ শিরোনামে সন্দেশখালির বিতর্কিত নেতা শেখ শাহজাহান। রেশন দুর্নীতি থেকে শুরু করে ইডি আধিকারিকদের ওপর হামলা— একাধিক গুরুতর অভিযোগে গত দু’বছর ধরে জেলবন্দি এই ‘হেভিওয়েট’। বৃহস্পতিবার আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করলেন তিনি। শাহজাহানের সাফ কথা, তিনি কোনও অপরাধ করেননি, বরং তিনি ‘গভীর রাজনীতির শিকার’।

কাদের রাজনীতির শিকার তিনি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শাহজাহান সরাসরি আঙুল তুলেছেন কেন্দ্রীয় সরকারের দিকে। তিনি বলেন, “আমি তো পুরোটাই রাজনীতির শিকার। যারা সিবিআই-ইডি চালায়, তারাই এই চক্রান্ত করছে। রাজনৈতিকভাবে পেরে না উঠলেই এভাবে হেনস্থা করা হচ্ছে।” ইডি আধিকারিকদের ওপর রক্তক্ষয়ী হামলার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শাহজাহান। তাঁর দাবি, “সব মিথ্যা। কেউ কি ভিডিও দেখাতে পারবে? গোলগোল কথা বললে হবে না, প্রমাণ চাই।”

উল্লেখ্য, শাহজাহানের বিরুদ্ধে শুধুমাত্র ইডি-র ওপর হামলা নয়, মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগও রয়েছে। সেই এফআইআরে শাহজাহান এবং তাঁর স্ত্রীসহ ৮ জনের নাম ছিল। তদন্তে জানা গিয়েছিল, ভোলা ঘোষ যখন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন, তখন একটি রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় তাঁর ছেলের মৃত্যু হয়। শাহজাহান এই সমস্ত অভিযোগকেই ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

আদালত চত্বরে শাহজাহানের এই আক্রমণাত্মক মেজাজ দেখে রাজনৈতিক মহলের ধারণা, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে এখন থেকেই জনমতের হাওয়া টানার চেষ্টা করছেন। তিনি বারবার দাবি করছেন, “মানুষই এর জবাব দেবে।” শাহজাহানের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়ে তাঁর তোলা এই প্রশ্ন কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy