মাঝ আকাশে ইঞ্জিনে আগুনের ফুলকি! ২৩৬ যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে তুর্কি বিমানের হাড়হিম করা জরুরি অবতরণ

বুধবার দুপুরে এক হাড়হিম করা পরিস্থিতির সাক্ষী থাকল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালের কাঠমান্ডু থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে পাড়ি দেওয়া টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করানো হলো। বিমানে থাকা ২৩৬ জন যাত্রীই সুরক্ষিত আছেন বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।

জানা গিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের টি-কে ৭২৭ (TK 727) বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই ককপিটে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। বিমানটি যখন কলকাতার আকাশসীমায় অবস্থান করছিল, তখনই ডানদিকের ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট কালক্ষেপ না করে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

এয়ারপোর্ট অথরিটি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তৎক্ষণাৎ বিমানবন্দরে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে। রানওয়েতে প্রস্তুত রাখা হয় দমকলের একাধিক ইঞ্জিন এবং মেডিক্যাল টিমকে। এটিসির সবুজ সংকেত পাওয়ার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনেন পাইলট। বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান ২৩৬ জন যাত্রী এবং বিমানকর্মীরা। অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।