ইঞ্জিনিয়ারিং ছেড়ে ভোটকুশলী! আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের উত্থানের কাহিনী জানলে অবাক হবেন

আজ সাতসকালে কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর হানা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু কে এই প্রতীক জৈন, যাঁর বাড়িতে তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে হাজির হলেন?
আইআইটি বম্বের মেধাবী ছাত্র প্রতীক জৈন মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বি.টেক করার পর কর্মজীবন শুরু করেছিলেন অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্ন হিসেবে। এরপর বিশ্ববিখ্যাত সংস্থা ‘ডেলয়েট’-এ অ্যানালিস্ট হিসেবেও কাজ করেন। তবে তাঁর জীবনের মোড় ঘোরে ২০১৩ সালে, যখন তিনি ‘সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স’ নামে নিজের সংস্থা শুরু করেন। পরবর্তীতে প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মিলিয়ে তিনি ‘ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ বা আইপ্যাক (I-PAC) প্রতিষ্ঠা করেন।
বিগত এক দশকে বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের নির্বাচনে পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ভোটকুশলী। ২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের নেপথ্যে আইপ্যাক-এর যে রণকৌশল ছিল, তার অন্যতম কারিগর ছিলেন এই প্রতীক জৈন। বর্তমানে তিনি আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পদে রয়েছেন। তাঁর মতো একজন হাই-প্রোফাইল ভোটকুশলীর বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা এবং সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।