“অমিত শাহ জঘন্য ও দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী!” আইপ্যাক-এ ইডি হানার মাঝে রণংদেহী মমতা, নজিরবিহীন সংঘাত

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার আইপ্যাক (I-PAC) কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেক সেক্টর ফাইভের অফিসে ইডির তল্লাশিকে কেন্দ্র করে বেনজির নাটকীয়তার সাক্ষী থাকল কলকাতা। তল্লাশি চলাকালীনই প্রোটোকল ভেঙে প্রথমে প্রতীক জৈনের আবাসন ও পরে আইপ্যাক অফিসে সশরীরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে “জঘন্য ও দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী” বলে আক্রমণ করেন।

মমতার অভিযোগ, দিল্লির একটি পুরনো মামলার অজুহাতে ইডি পাঠিয়ে আসলে তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজি এবং প্রার্থী তালিকা চুরির চেষ্টা করছে বিজেপি। তিনি জানান, দলের গোপনীয়তা রক্ষায় তিনি নিজেই আইপ্যাক অফিস থেকে গুরুত্বপূর্ণ হার্ডডিস্ক এবং নথিপত্র সরিয়ে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এজেন্সিকে ব্যবহার করে তথ্য হাতিয়ে নিতে চাইছে।

অন্যদিকে, তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের ঘটনাস্থলে যাওয়া অনৈতিক ও অসাংবিধানিক। এটি কেন্দ্রীয় সংস্থার কাজে সরাসরি বাধা দান।” শুভেন্দু আরও জানান, ইডির উচিত আইন মেনে তদন্তে হস্তক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা। তল্লাশি, পাল্টাতল্লাশি আর দুই শিবিরের বাক্যবাণে শহর এখন সরগরম।