ICC-র চরম হুঁশিয়ারি! ভারত না এলে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের? তুঙ্গে বিতর্ক

টি-২০ বিশ্বকাপ ২০২৬ নিয়ে বড়সড় বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের মাটি থেকে ম্যাচ সরানোর যে আর্জি বিসিবি জানিয়েছিল, তা সরাসরি প্রত্যাখ্যান করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, টুর্নামেন্ট খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট হারাতে হবে নাজমুল হোসেন শান্তদের।

আইসিসি স্পষ্ট করেছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-র ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে। বিসিবি-র অনুরোধ খারিজ করে মঙ্গলবার এক ভার্চুয়াল মিটিংয়ে আইসিসি জানিয়ে দেয়, ভেন্যু পরিবর্তনের কোনো অবকাশ নেই। সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি) এবং শেষ ম্যাচটি মুম্বইয়ে (১৭ ফেব্রুয়ারি) হওয়ার কথা।

মজার বিষয় হলো, আইপিএল ২০২৬-এর নিলামে শাহরুখ খানের কেকেআর ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনলেও, বিসিসিআই-এর নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার জেরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ভারতে যে জনরোষ তৈরি হয়েছে, তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ পড়া এবং আইসিসি-র এই কঠোর অবস্থানকে। যদিও বিসিবি দাবি করেছে, তারা এখনও আইসিসি-র কাছ থেকে কোনো চূড়ান্ত বার্তা পায়নি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy