মাঠে খেলা দেখতে গিয়ে কেউ রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন, এমনটা বোধহয় অতিবড় কল্পনাতেও কেউ ভাবেননি। কিন্তু দক্ষিণ আফ্রিকার SA20 লিগের উদ্বোধনী ম্যাচেই ঘটল সেই অবিশ্বাস্য কাণ্ড। ডারবান সুপার জায়ান্টস বনাম এমআই কেপটাউনের হাই-ভোল্টেজ ম্যাচে গ্যালারিতে বসে থাকা এক সমর্থক এক হাতে ছক্কা ধরতেই জিতে নিলেন ২ মিলিয়ন র্যান্ড, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১.০৭ কোটি টাকা।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারে এমআই কেপটাউনের ওপেনার রায়ান রিকেলটন একটি বিশাল ছক্কা হাঁকান। সেই বল যখন স্ট্যান্ডে আছড়ে পড়ছে, ঠিক তখনই এক ক্রিকেট অনুরাগী অসাধারণ ক্ষিপ্রতায় এক হাতে বলটি তালুবন্দি করেন। SA20 লিগের জনপ্রিয় ‘ক্যাচ এ মিলিয়ন’ (Catch a Million) অফার অনুযায়ী, গ্যালারিতে বসে কোনো দর্শক যদি এক হাতে ক্লিন ক্যাচ ধরেন, তবেই তিনি এই বিশাল আর্থিক পুরস্কারের ভাগীদার হন। ওই সমর্থক নিয়ম মেনেই ক্যাচটি ধরায় সরাসরি কোটিপতিদের তালিকায় নাম তুলে ফেললেন।
ম্যাচে অবশ্য রানের বন্যা বয়ে গিয়েছিল। প্রথমে ব্যাট করে ডারবান সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩২ রান তোলে, যা এই লিগের ইতিহাসের সর্বোচ্চ স্কোর। দলের হয়ে ডেভন কনওয়ে ৬৪ এবং কেন উইলিয়ামসন ৪০ রান করেন। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এমআই কেপটাউনের রায়ান রিকেলটন ৬৫ বলে ১১৩ রানের একটি বিধ্বংসী সেঞ্চুরি করলেও শেষ রক্ষা হয়নি। ডারবানের বোলার ইথান বোশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৫ রানে জয়ী হয় ডারবান সুপার জায়ান্টস। ম্যাচটি ডারবান জিতলেও, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রইলেন সেই কোটিপতি দর্শক।