বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড! চাপের মুখে পড়ে পরিবারের দায়িত্ব নিচ্ছে ইউনুস সরকার

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল সমালোচনার মুখে অবশেষে নড়েচড়ে বসল ওপার বাংলার অন্তর্বর্তী সরকার। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপুকে পিটিয়ে এবং গায়ে আগুন দিয়ে খুনের ঘটনায় দায় এড়াতে না পেরে এবার নিহতের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা করল প্রশাসন।

বুধবার ময়মনসিংহে দীপুর পরিবারের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি স্পষ্ট জানান, “দীপু দাসের সন্তান, স্ত্রী ও বাবা-মায়ের দেখভালের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র। এই পাশবিক অপরাধের কোনো অজুহাত থাকতে পারে না।” তিনি আরও জানান, দীপুর পরিবারের কাছে যাওয়ার আগে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ইউনুস এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।

পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে বর্তমানে দিশেহারা দীপুর বৃদ্ধ বাবা রবিচন্দ্র দাস ও তাঁর পরিবার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভয়ংকর ভিডিওতে দেখা গেছে মৌলবাদীদের চরম বর্বরতা। শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, অপরাধীদের পরিচয় নির্বিশেষে আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তি দেওয়া হবে। তবে প্রশ্ন উঠছে, দোষীরা কি সত্যিই শাস্তি পাবে নাকি রাষ্ট্রের এই আশ্বাস স্রেফ ড্যামেজ কন্ট্রোল?