প্রধানমন্ত্রী মোদীর উত্তরসূরি কে হবেন? প্রশ্ন শুনেই মন্তব্যে নারাজ মোহন ভাগবত, জল্পনার মাঝে জবাব দিলেন ফড়নবীস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছে। এই বিষয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তবে সরাসরি উত্তর না দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই প্রশ্ন তাঁর এক্তিয়ারের বাইরে।
একটি অনুষ্ঠানে আরএসএস প্রধানকে যখন জিজ্ঞাসা করা হয় যে মোদীর পরে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তখন তিনি বলেন, “কিছু প্রশ্ন আমার এক্তিয়ারের বাইরে। এ বিষয়ে আমি আমার মতামত দিতে পারছি না। আমি শুধু আপনাদের জন্য শুভকামনা জানাতে পারি। মোদীজির পরে কে প্রধানমন্ত্রী হবেন, সেটা মোদীজি এবং বিজেপিরই সিদ্ধান্ত নিতে হবে।”
অন্যদিকে, বিজেপি এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। দলের মতে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই লড়া হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সম্প্রতি এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই জল্পনায় জল ঢেলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে অন্য কারও নাম ভাবার দরকার নেই।
ফড়নবীস যুক্তি দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী মোদী ৪০ বছরের পুরুষের চেয়ে কঠোর পরিশ্রম করেন। তিনি দিনে ১৭ ঘণ্টারও বেশি কাজ করেন এবং মিটিংয়ের সময় কখনও হাই তোলেন না। যতদিন তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন, ততদিন তিনি ছাড়া অন্য কাউকে দেখার প্রশ্নই ওঠে না। তিনি ২০২৯ সালেও আমাদের নেতা হিসেবে থাকবেন।”
উল্লেখ্য, গত ডিসেম্বরের শুরুতে পুণেতে এক অনুষ্ঠানে মোহন ভাগবত প্রধানমন্ত্রী মোদীর কাজের প্রশংসা করে বলেছিলেন, আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রীর কথা এত মনোযোগ দিয়ে শোনা হচ্ছে কারণ এখন ভারতের শক্তি বিশ্বের দরবারে প্রদর্শিত হচ্ছে।