জন্মদিনে চরম অস্বস্তিতে সোনিয়া গান্ধী! ‘নাগরিকত্ব বিতর্ক’ মামলায় দিল্লি পুলিশের কাছে জবাব চাইল আদালত

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী তাঁর ৭৯তম জন্মদিনে (মঙ্গলবার) এক চরম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর বহু বিতর্কিত নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম ওঠার অভিযোগ সংক্রান্ত একটি চ্যালেঞ্জ মামলায় সোনিয়া গান্ধী এবং দিল্লি পুলিশের কাছে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে।
সংসদের চলতি শীতকালীন অধিবেশনে যখন বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে, ঠিক তখনই সনিয়ার বহু পুরোনো নাগরিকত্ব বিতর্ক এবং ভোটার তালিকায় তাঁর নাম ওঠা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। বিকাশ ত্রিপাঠী নামে এক আবেদনকারী ফৌজদারি রিভিশন আবেদনে সোনিয়ার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করার আর্জি তুলেছেন।
অভিযোগে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন ১৯৮৩ সালের এপ্রিল মাসে। অথচ, তারও আগে, ১৯৮০ সালে তাঁর নাম নয়াদিল্লি সংসদীয় কেন্দ্রের ভোটার তালিকায় কী করে উঠল? এই কারণেই তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের দাবি তোলা হয়েছে আবেদনে।
বিশেষ বিচারক বিশাল গগন এদিন সোনিয়া এবং দিল্লি পুলিশের কাছে বিকাশ ত্রিপাঠীর করা আবেদনের ভিত্তিতে তাঁদের জবাব চেয়েছেন। এর আগে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি আদালত সোনিয়ার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিতে অস্বীকার করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই বর্তমান আবেদনটি করা হয়েছে। উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশের বিশিষ্ট নেতারা এদিন সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।