বিয়েবাড়ি থেকে বেরোতেই তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি! ডোমজুড়ে ব্যাপক আতঙ্ক, কোমরে গুলিবিদ্ধ নেতা হাসপাতালে

হাওড়ার ডোমজুড়ে এক ভয়াবহ ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা দেবব্রত ওরফে বাবু মণ্ডলকে কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি ডোমজুড় বিধানসভা এলাকার সাঁপুইপাড়া পঞ্চায়েতের প্রধান।
বিয়েবাড়ি থেকে বেরোতেই হামলা
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেবব্রত মণ্ডল বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। রাতে সাত-আট জন সঙ্গীর সঙ্গে নিয়ে বিয়েবাড়ি থেকে তিনি যখন মোটরসাইকেলে করে বাড়ির দিকে এগোচ্ছিলেন, তখনই এক দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগ, তৃণমূল নেতাকে লক্ষ্য করে পাঁচ থেকে সাত রাউন্ড গুলি করা হয়েছে।
দেবব্রত মণ্ডলের বাঁ হাতের কনুইয়ের কাছে একটি গুলি লাগে এবং দ্বিতীয় গুলিটি লাগে কোমরের কাছে। সূত্রের খবর, একটি গুলি তাঁর পিঠ ছুঁয়েও বেরিয়ে যায়। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালেই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।
অভিযুক্ত ‘খুন ও তোলাবাজি’-র আসামি
এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সুমন চৌধুরীর নাম উঠে আসছে। জানা গিয়েছে, এই দুষ্কৃতী তোলাবাজি এবং খুনের ঘটনায় অভিযুক্ত এবং কিছুদিন আগেই সে জেল থেকে ছাড়া পেয়েছে। যদিও গুলিবিদ্ধ তৃণমূল নেতার দাদা সুব্রত মণ্ডল এবং তাঁর সঙ্গীরা দাবি করেছেন, সুমনের সঙ্গে দেবব্রতবাবুর কোনো পুরনো শত্রুতা ছিল না।
আহত তৃণমূল নেতার দাদা সুব্রত মণ্ডল বলেন, “এলাকায় ভাই অত্যন্ত জনপ্রিয় ছিল। পঞ্চায়েত প্রধান হিসেবে প্রচুর কাজ করেছিল। কোনো শত্রুতা ছিল বলে জানতাম না।”
২০১৩ সাল থেকে পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হওয়া দেবব্রত মণ্ডল শেষ পঞ্চায়েত নির্বাচনে জিতে সাঁপুইপাড়া পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। এই হামলার ঘটনায় ডোমজুড়ের সাঁপুইপাড়া এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সকালেও গোটা এলাকা থমথমে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।