গণতন্ত্র ভূলুণ্ঠিত! SIR-এর পর ‘৪০০ নোটিস’ নিয়ে কেন্দ্রকে মমতার চরম হুঁশিয়ারি, ‘২০২৯ আসবে না’!

সংবিধান দিবসের মঞ্চ থেকে আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হচ্ছে। গণতন্ত্র ও সংবিধান রক্ষার বার্তা দিতে গিয়ে এদিন তিনি নিজের হাতে সংবিধান তুলে নেন এবং বলেন, “আমরা আম্বেদকরের সংবিধান মেনে নিয়ে চলব। বুকে নিয়ে চলব। মাথায় নিয়ে চলব।”

কেন্দ্রের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যদ্বাণী করেন, “SIR-এর পর আমাদের ৪০০ নোটিস পাঠিয়েছে। আপনারা চার কোটি নোটিস পাঠান। তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেওয়া ছাড়া আমার কিছু নেই।” তিনি প্রশ্ন তোলেন, “দেশের এই অবস্থা। একপক্ষ চলছে। কোথায় নিরপেক্ষতা?” এরপরই তিনি বিজেপি সরকারের পতন নিয়ে চরম হুঁশিয়ারি দেন, “২০২৯ কোনও ভাবেই আসবে না। তার আগেও পড়ে যেতে পারে সরকার।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্য-রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।