প্রতিদিনের চিকেন হোক ঝাল-ঝাল! মহারাষ্ট্রের স্পেশাল ‘থেচা’ স্টাইলে মুরগির মাংসের রেসিপি, চেটেপুটে খাবে সবাই

একঘেয়ে চিকেন কারি খেতে যদি আর ভালো না লাগে, তবে এবার আপনার রান্নাঘরে নিয়ে আসুন মহারাষ্ট্রের স্পেশাল ফ্লেভার! সাধারণ মুরগির মাংসে সামান্য কিছু উপকরণ আর একটি মারাঠি ‘টুইস্ট’ যোগ করে বানিয়ে ফেলুন দুর্দান্ত ‘থেচা স্টাইলের চিকেন’। এই রেসিপিটি ভিন্ন স্বাদের মাংসপ্রেমীদের জন্য একেবারে উপযুক্ত।

উপকরণ:

মুরগির মাংস: ৫০০ গ্রাম

কাঁচালঙ্কা: ১০-১২টি

রসুন: ১০-১২ কোয়া

চিনেবাদাম: আধ কাপ

পেঁয়াজ কুচি: আধ কাপ

টক দই: ২ টেবিল চামচ

সাদা তেল: ৩-৪ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

গোটা জিরে: ২ চা চামচ

লবঙ্গ: ৩-৪টি

তেজপাতা: ২টি

পাতিলেবু: অর্ধেকটা

নুন, চিনি: পরিমাণমতো

প্রণালী:

১. থেচা তৈরি: প্রথমে শুকনো কড়াইয়ে কাঁচালঙ্কা, রসুন এবং চিনেবাদাম হালকা নাড়াচাড়া করে নিন। কাঁচা গন্ধ চলে গেলে শিলের (বা মিক্সার গ্রাইন্ডারে) মধ্যে সামান্য নুন, তেল এবং ধনেপাতা যোগ করে আধবাটা করে নিন। আপনার থেচা তৈরি। ২. মাংস কষানো: মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে, লবঙ্গ এবং তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভাজুন। ৩. পেঁয়াজ অল্প ভাজা হলে মুরগির মাংস এবং স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিন। মাংস হালকা কষানো হলে তৈরি করে রাখা থেচা মশলাটি যোগ করে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিন। ৪. দই যোগ: তেল ছাড়তে শুরু করলে ৩-৪ টেবিল চামচ টক দই দিয়ে আবার কষাতে থাকুন। স্বাদের জন্য সামান্য চিনি মিশিয়ে ঢাকা দিয়ে দিন। মাংস থেকে জল বেরোতে শুরু করবে। ৫. ফিনিশিং টাচ: অন্য একটি পাত্রে অল্প তেল গরম করে তাতে কয়েকটি কাঁচালঙ্কা এবং রসুনের কোয়া হালকা ভেজে নিন। এই মিশ্রণটি মাংসের ওপর ঢেলে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মারাঠি স্বাদের থেচা চিকেন কারি! লেবুর রস দিয়ে পরিবেশন করুন।