বারুইপুরে স্কুলে চুরি, মিড ডে মিল বন্ধ, গ্যাস সিলিন্ডার ও সাইকেল খোয়া যাওয়ায় পড়ুয়াদের দেওয়া হল শুকনো খাবার

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তরভাগ কলোনি হাই স্কুলে দুষ্কৃতীদের চুরির ঘটনায় বন্ধ হয়ে গেল মিড ডে মিলের রান্না। স্কুলের গেটের তালা ভেঙে রান্নাঘর থেকে ৪টি গ্যাস সিলিন্ডার ও ৪টি সাইকেল চুরি হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর মিড ডে মিলের পরিবর্তে ছাত্রছাত্রীদের দোকান থেকে কেনা বিস্কুট দেওয়া হয়।
স্কুল সূত্রে জানা যায়, সোমবার রাতে দুষ্কৃতীরা স্কুলের মূল ফটকের তিনটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর রান্নাঘরের তালা ভেঙে তারা চারটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। এছাড়াও ৪টি সাইকেলও খোয়া গিয়েছে।
মঙ্গলবার সকালে স্কুলে রান্না করতে এসে রাঁধুনিরা দেখেন, রান্নাঘরের তালা ভাঙা এবং সিলিন্ডার উধাও। গ্যাস না থাকায় মিড ডে মিলের রান্না বন্ধ রাখতে হয়। রাঁধুনি রিনা বিশ্বাস জানান, “গতকালই ৩টি ভর্তি সিলিন্ডার আনা হয়েছিল। সেই সিলিন্ডারগুলি ভর্তি অবস্থাতেই রান্নাঘরে রাখা ছিল। সব চুরি করে নিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষকেরা দোকান থেকে বিস্কুট কিনে এনে ছাত্রছাত্রীদের শুকনো টিফিনের ব্যবস্থা করেন।”
বারুপুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন:
স্কুলে চুরির এই ঘটনায় শিক্ষক ও অভিভাবকেরা আতঙ্কিত। তাঁরা স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয়দের দাবি, এটি প্রথমবার নয়; কিছুদিন আগে চম্পাহাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়েও গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা ঘটেছিল। এই স্কুলের রান্নাঘর থেকেও এর আগে রান্নার মশলা ও তেল চুরি হয়েছিল।
স্কুলের পক্ষ থেকে বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।