পরকীয়া প্রেমের টানে স্বামীকে পৃথিবী থেকে সরানোর ছক! বরানগর গুলিকাণ্ডে অবাক পুলিশ

গত ২১ নভেম্বর বরানগরে সরকারি কর্মী বিকাশ মজুমদারকে লক্ষ্য করে দুই বাইক আরোহী গুলি চালালেও, তা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে গুলির বারুদ ছিটকে গিয়ে আহত হন বিকাশ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এমন এক তথ্য পেল যা দেখে কার্যত অবাক তারা।
পাকড়াও দুই অভিযুক্ত
বরানগর গুলিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ প্রথমে দু’জনকে পাকড়াও করেছে—একজন মহম্মদ শামিম লস্কর (ভাড়টে খুনি) এবং অন্যজন সুশান্ত আদক (বাইক চালক)। তাদের জেরা করেই এই গুলির আসল কারণ জানতে পারে পুলিশ।
সুপারি দিয়েছিল স্ত্রী ও পিসেমশাই
জেরায় অভিযুক্তরা স্বীকার করে নিয়েছে যে, বিকাশ মজুমদারকে খুনের সুপারি দিয়েছিল তার স্ত্রী রেখা মজুমদার এবং রেখার পিসেমশাই প্রদীপ দে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, পিসেমশাই প্রদীপ দে-র সঙ্গে রেখার দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিকাশ তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন। আর সেই কারণেই বিকাশকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে এই ভয়ঙ্কর উদ্যোগ নিয়েছিল রেখা ও প্রদীপ।
কললিস্টে ধরা পড়ল সম্পর্ক
পুলিশ তদন্তে জানতে পেরেছে রেখার সঙ্গে প্রদীপের সম্পর্ক দীর্ঘ দিনের। দুজনের ফোন থেকেই বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাওয়া গিয়েছে। প্রথম থেকেই রেখার কথাবার্তা ছিল অসংলগ্ন, যা দেখে পুলিশের খটকা লাগে। এরপরই পুলিশ রেখার মোবাইল বাজেয়াপ্ত করে কললিস্টের হিস্ট্রি খতিয়ে দেখে। সেখান থেকেই বিবাহবহির্ভূত সম্পর্কের নিশ্চিত তথ্য মেলে।
স্থানীয় বাসিন্দাদের কাছে বিকাশ মজুমদার একজন নিরীহ ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন। কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করা এবং অফিস-পরিবার নিয়ে ব্যস্ত থাকা এই মানুষটির এমন বন্দুকবাজ শত্রু থাকতে পারে, তা কেউ ভাবতেই পারেনি।