উত্তরাখণ্ডে স্কুলের পাশে ২০ কেজি বিস্ফোরক উদ্ধার, প্রধান শিক্ষকের তৎপরতায় বানচাল বড় চক্রান্তের আশঙ্কা

দেবভূমি উত্তরাখণ্ডের আলমোরা জেলার ডাবরা গ্রামের একটি সরকারি স্কুলের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক—১৬১টি জিলেটিন স্টিক—উদ্ধার হওয়ায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ২০ কিলোগ্রাম ওজনের এই বিস্ফোরকগুলি স্কুলের খুব কাছেই ঝোপের মধ্যে লুকানো ছিল।

শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষক সুভাষ সিংয়ের নজরে আসার পরই এই ঘটনা প্রকাশ্যে আসে। স্কুলের পাশে ঝোপে মুখ বন্ধ সন্দেহজনক প্যাকেট দেখতে পেয়ে তিনি কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি স্থানীয় পুলিশে খবর দেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরক উদ্ধারের ঘটনা মাথায় রেখেই তাঁর এই সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

খবর পেয়ে উধম সিং নগর এবং নৈনিতাল থেকে পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের সদস্যরা এসে তল্লাশি শুরু করেন। পুলিশ কুকুরই প্রথমে ঝোপ থেকে ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করে। পরে প্রায় ২০ মিটার দূর থেকেও বিস্ফোরকভর্তি আরও কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়।

আলমোরার পুলিশ সুপার (এসপি) দেবেন্দ্র পিঞ্চা জানিয়েছেন, বম্ব ডিসপোজাল স্কোয়াড সমস্ত বিস্ফোরক উদ্ধার করে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। তিনি আরও বলেন, “কোথা থেকে এবং কেন এত বিপুল সংখ্যক বিস্ফোরক এখানে এলো, তার তদন্ত করা হচ্ছে। আশেপাশের এলাকাগুলিতেও নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।”

পুলিশ সুপার জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বিএএস (বিস্ফোরক পদার্থ আইন) অনুসারে বেআইনি বিস্ফোরক উদ্ধারের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই ৪ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।

সাধারণত নির্মাণ কাজ, যেমন—পাথর কেটে রাস্তা তৈরি বা খনি অঞ্চলে পাথর খাদানের জন্য এই জিলেটিন স্টিক ব্যবহার করা হয়। তবে, এটি নির্মাণ কাজের জন্য রাখা হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, পুলিশ তা খতিয়ে দেখছে। সম্প্রতি দিল্লি বিস্ফোরণ এবং হরিয়ানায় ৩,০০০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধারের পর দেশের নিরাপত্তা সংস্থাগুলি এমনিতেই অত্যন্ত সতর্ক রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।