পুরনো পিকনিক স্পট ভুলে যান! শাল-পলাশের নরম রোদ, মাটির গন্ধ—মেদিনীপুরের এই Hidden Gem-এ একদিন গেলেই মন ভরে যাবে

শীতকাল মানেই পিকনিকের মরসুম! কিন্তু বন্ধুদের বা পরিবারকে নিয়ে যাবেন কোথায়? যদি আপনার খোঁজে থাকে এক নির্জন, সবুজ, এবং নিরাপদ ঠিকানা, তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার ধামকুড়িয়ার জঙ্গল হতে পারে আপনার চড়ুইভাতির আদর্শ গন্তব্য। এই জঙ্গলটি এখনো সেভাবে জনপ্রিয়তা লাভ করেনি বলে এর প্রাকৃতিক সৌন্দর্য ও নিস্তব্ধতা অক্ষুণ্ণ রয়েছে।
চারিদিকে শাল ও পলাশ গাছের সারি, নরম শীতের রোদ আর বাতাসে মিশে থাকা মাটির সোঁদা গন্ধ—এই স্থানটিকে এক আলাদা মাত্রা দিয়েছে। ধামকুড়িয়ার জঙ্গল খুব বেশি গভীর নয়, তাই এটি যথেষ্ট নিরাপদ। সবচেয়ে বড় সুবিধা হল, এখানে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে, যা পিকনিক আয়োজনের ঝামেলা অনেকটাই কমিয়ে দেয়।
কীভাবে পৌঁছবেন ধামকুড়িয়ার জঙ্গলে?
এই প্রাকৃতিক স্বর্গে পৌঁছানোও বেশ সহজ। চন্দ্রকোনা শহরের গাছশীতলা এলাকা থেকে পশ্চিম দিকে কয়েক কিলোমিটার গেলেই চোখে পড়বে একটি চেকপোস্ট। সেখান থেকে ডানদিকে মোড় নিলেই পৌঁছে যাবেন বিস্তীর্ণ শাল-পলাশের এই জঙ্গলে। শীতের মরসুমে এলাকায় নিয়মিত পুলিশের টহল থাকে, ফলে নিরাপত্তার বিষয়েও নিশ্চিন্ত থাকা যায়।
শাল পাতার ফাঁক দিয়ে গড়িয়ে আসা সূর্যের আলোয় বসে, পাখিদের কলরব শুনতে শুনতে শহুরে জীবনের ক্লান্তি দূর করার জন্য ধামকুড়িয়ার জঙ্গল এক অনবদ্য স্থান। চড়ুইভাতির মজা পুরোপুরি উপভোগ করতে চাইলে, এই বছর মেদিনীপুরের এই ‘হিডেন জেম’ আপনাকে ডাকছে!