লিডস ও মাদারওয়েলের প্রাক্তনী সোজা সবুজ-মেরুনে! আইএসএল শুরুর আগেই বড় চমক দিল বাগান ম্যানেজমেন্ট

আইএসএল মরশুম শুরুর আগে নিজেদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফরোয়ার্ড লাইনে জেমি ম্যাকলারেনের সাম্প্রতিক ফর্ম নিয়ে জল্পনার মাঝেই ষষ্ঠ বিদেশি হিসেবে স্কটল্যান্ডের অভিজ্ঞ স্ট্রাইকার লি আরউইনকে এক বছরের চুক্তিতে দলে ভিড়াল সবুজ-মেরুন শিবির। রবিবার আনুষ্ঠানিকভাবে এই তারকা ফুটবলারের নাম ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ।
কেন লি আরউইনের ওপর ভরসা?
গত রবিবার ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পরই আর কোনও ঝুঁকি না নিয়ে ট্রান্সফার উইন্ডোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাগান ম্যানেজমেন্ট। জর্ডান প্রো-লিগের ক্লাব আল-ফয়সালির সঙ্গে চুক্তি শেষের পর ফ্রি-এজেন্ট হিসেবেই কলকাতায় আসছেন তিনি।
স্কটল্যান্ডের বিখ্যাত ক্লাব মাদারওয়েল থেকে কেরিয়ার শুরু করা ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার অতীতে লিডস ইউনাইটেড, বারি এফসি, ট্র্যাক্টর এফসির মতো বিশ্বজোড়া নামী ক্লাবে খেলেছেন। বিশেষ করে লেবাননের শীর্ষ লিগের ক্লাব আল-আহেদের হয়ে দুটি মরশুমে ৪১টি ম্যাচে ১৯টি গোল করে নিজের জাত চিনিয়েছেন আরউইন। গত মরশুমেও জর্ডান লিগে ছ’টি গোল ও তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। ফলে তাঁর অভিজ্ঞতা যে আইএসএলে মোহনবাগানের আপফ্রন্টকে বহুগুণ ধারালো করবে, তা বলাই বাহুল্য।
কী বললেন মোহনবাগানের নতুন ফরোয়ার্ড?
সবুজ-মেরুন জার্সিতে সই করার পর উচ্ছ্বসিত আরউইন বলেন, “ভারতের বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। কিন্তু মোহনবাগান যেহেতু দেশের সেরা ক্লাব, তাই আর দ্বিমিতাব না করে তাদের প্রস্তাবেই রাজি হয়েছি। স্কটিশ বন্ধুদের মুখে এই ক্লাবের পেশাদারিত্ব ও সমর্থকদের আবেগের কথা শুনেছি।”
জানা গিয়েছে, সোমবার রাতেই কলকাতায় পা রাখছেন লি আরউইন। আর সামান্য বিশ্রাম নিয়েই মঙ্গলবার থেকে সরাসরি সবুজ-মেরুন অনুশীলনে নেমে পড়বেন এই স্কটিশ তারকা।