বিশ্বসুন্দরীর মুকুট মেক্সিকোর ফাতিমা বোস-এর মাথায়! Top 12-এ ব্যর্থ ভারতের মানিকা, কেন স্বপ্নভঙ্গ?

মিস ইউনিভার্স 2025 (Miss Universe 2025)-এর খেতাব জয়ের স্বপ্ন এবারও অধরা রইল ভারতের। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 মানিকা বিশ্বকর্মা শীর্ষ 30 (Top 30)-এ স্থান করে নেওয়ার পর ভারতবাসীর মনে যে আশা জাগছিল, তা ভেঙে গেল শীর্ষ 12 (Top 12)-এ তাঁর জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায়। ভারত এই নিয়ে মাত্র তিনবার (সুস্মিতা সেন, লারা দত্ত এবং হারনাজ সান্ধু কৌর) এই খেতাব জিতেছে।
অবশেষে শুক্রবার সামনে এল মিস ইউনিভার্স 2025 বিজয়ীনির নাম—তিনি হলেন মিস মেক্সিকো, ফাতিমা বোস (Fatima Bosch)। ফাতিমাকে মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স 2024, ভিক্টোরিয়া কেজার থেলভিগ (ডেনমার্ক)।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককের নন্থাবুরির ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে। এটি ভারতীয় সময় সকাল 6:30 মিনিটে শুরু হয়।
প্রথম রানার-আপ: বীণা প্রবীণার (থাইল্যান্ড)
দ্বিতীয় রানার-আপ: স্টেফানি আব্বাসালি (ভেনেজুয়েলা)
তৃতীয় রানার-আপ: আতিসো মানালো (ফিলিপাইন)
চতুর্থ রানার-আপ: অলিভিয়া ইয়োশ (কোট ডি’আইভোয়ার)
এই মাসের শুরুতে একটি লাইভ-স্ট্রিমড প্রাক-পেজেন্ট অনুষ্ঠানে বিতর্কের মুখে পড়েন ফাতিমা। মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইটসাগ্রিসিল প্রকাশ্যে তাঁকে ‘বোকা’ (Dumbhead) বলে অভিহিত করেছেন বলে জানা যায়। বোশ এই অপমানের প্রতিবাদ জানালে নাওয়াত নিরাপত্তা বাহিনীকে তাঁকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য ডেকে পাঠান। এরপর অন্যান্য প্রতিযোগীরা প্রতিবাদে রুম ছেড়ে বেরিয়ে যান। পরে মিস ইউনিভার্স অর্গানাইজেশন নাওয়াতের আচরণের নিন্দা করে তাঁর ভূমিকা সীমিত করে দেয় এবং নাওয়াত প্রকাশ্যে ক্ষমাও চান।
25 বছর বয়সী ফাতিমা বোস ফার্নান্দেজ মেক্সিকোর সান্তিয়াগো ডি টেপা থেকে এসেছেন। তিনি ইউনিভার্সিদাদ ইবেরোয়ামেরিকানা থেকে ফ্যাশন এবং টেক্সটাইল ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন।
আশ্চর্যজনক বিষয় হলো, ফাতিমা তার স্কুলের দিনগুলিতে ডিসলেক্সিয়া এবং মনোযোগ-ঘাটতি/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD)-এর সঙ্গে লড়াই করেছেন, সে কথা তিনি প্রকাশ্যেও জানিয়েছেন। তিনি মেক্সিকান রাজ্য টাবাস্কোর প্রথম মহিলা যিনি মিস ইউনিভার্স খেতাব অর্জন করলেন।