ভোরে তীব্র কম্পনে কেঁপে উঠল কলকাতা সহ একাধিক জেলা, এপিসেন্টার প্রতিবেশী দেশে

শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। প্রকৃতির এই হঠাৎ তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে মহানগরের দুই প্রান্তে— উত্তর ও দক্ষিণ কলকাতায়। এদিন সকাল ১০টা ১০ মিনিট নাগাদ যখন অফিস ও দৈনন্দিন জীবনের ব্যস্ততা শুরু হচ্ছে, ঠিক তখনই প্রথম কম্পন অনুভূত হয়। আচমকা এই ঝাঁকুনিতে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রারম্ভিক রিপোর্ট অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ রিখটার স্কেল। শুধু কলকাতা নয়, মালদা, নদিয়া, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শহরের বাসিন্দারা এই তীব্র কম্পন টের পাওয়ায় মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের উৎস বা এপিসেন্টার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। নির্ভরযোগ্য ‘Earthquake Network’ অ্যাপের অ্যালার্ট অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ। অ্যাপের রিডিং আরও জানাচ্ছে, রাজধানী ঢাকার ১৪ কিলোমিটার ব্যাসার্ধে মোট ১৩টি ভূমিকম্পের খবর নথিভুক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিবেশী দেশের শক্তিশালী কম্পনের জেরেই পশ্চিমবঙ্গ এবং এর সংলগ্ন এলাকাগুলিতে এই তীব্র কম্পন অনুভূত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত নেই, তবুও এই ঘটনা কলকাতাবাসীর মনে নতুন করে ভূমিকম্পের আতঙ্ক সৃষ্টি করল।