জন্মদিন উদযাপন করতে বেরিয়ে নিখোঁজ তিন নাবালিকা স্কুলছাত্রী: শিলিগুড়িতে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

বান্ধবীর জন্মদিন উদযাপন করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল তিন নাবালিকা স্কুলছাত্রী। বুধবার শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর পঞ্চানন কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ তিনজনেই কবি সুকান্ত হাইস্কুলের ছাত্রী এবং তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। নিখোঁজদের মধ্যে দু’জন সপ্তম শ্রেণীর ও একজন অষ্টম শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছিল?
পরিবারের দাবি, বুধবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ তিন নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যায়। পরিবারকে তারা জানিয়েছিল যে এক বান্ধবীর জন্মদিন উদযাপন করতে তারা একটি ক্যাফেতে যাচ্ছে এবং ২-৩ ঘণ্টার মধ্যে ফিরে আসবে।
যে মেয়েটির জন্মদিন ছিল, তার মা প্রমীলা রায় জানান, তিনি মেয়েকে বাড়িতেই খাওয়ানোর কথা বলেছিলেন, কিন্তু মেয়ে বাইরে পার্টি করার জন্য ৩০০ টাকা চেয়েছিল। তিনি সেই টাকা দিয়েই কাজে বেরিয়ে যান।
বাকি দুই নাবালিকার মা, সান্ত্বনা সরকার ও পম্পা শীলও একই কথা জানিয়েছেন। পম্পা শীল বলেন, “বারবার খোঁজ করেও পায়নি। কারও প্রতি কোনও সন্দেহ নেই। তবে একজন বলছিল যে আমার মেয়েকে নাকি কিডন্যাপ করা হয়েছে।”
পুলিশে অভিযোগ ও উদ্বেগ:
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না-ফেরায় পরিবারের উদ্বেগ বাড়ে। রাত হয়ে গেলেও তিনজনের কোনো হদিশ না-মেলায় প্রধাননগর থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও তিন নাবালিকার খোঁজ না-মেলায় তাদের পরিবারের সদস্যরা গভীর চিন্তায় রয়েছেন।
শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, “ঘটনায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, নিখোঁজ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক। তিনি জানান, “সকলেই এই নিয়ে চিন্তিত।” পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।