২৫০ কোটির গণ্ডি পেরোলেও কেন স্বস্তি নেই? যশ ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলল নতুন ছবি!

অভিনেতা যশের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দারুণ হইচই ফেলে দিয়েছিল। কোনো বড় প্রতিদ্বন্দী ছাড়াই মুক্তি পাওয়া এই অ্যাকশন-থ্রিলার ছবিটি প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয় করে দুর্দান্ত খাতা খুলেছিল। কিন্তু প্রথম দিনের সেই চোখধাঁধানো সাফল্যের পর থেকেই ছবিটির আয়ে ধাক্কা আসতে শুরু করেছে, যা এখনও অব্যাহত রয়েছে।
ট্রেড ট্র্যাকার সাকনলিকের তথ্য অনুযায়ী, মুক্তির চার দিনে বিশ্বজুড়ে ২৫৪.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘টক্সিক’। ভারতে ছবিটির নেট আয় ১৯০.৪৫ কোটি টাকা এবং গ্রস আয় ২২৭.৫০ কোটি টাকা। চতুর্থ দিনে ছবিটি ২৪.৫০ কোটি টাকা আয় করেছে, যার মধ্যে হিন্দি ভার্সনে ১৫.৫ কোটি এবং কন্নড় ভার্সনে ৬.৬০ কোটি টাকার ব্যবসা হয়েছে। বিশ্বব্যাপী বিশাল আয় সত্ত্বেও প্রথম দিনের তুলনায় ধারাবাহিকভাবে আয়ে পতন দেখা দেওয়ায় কিছুটা হলেও চিন্তায় নির্মাতারা।
ছবির চিত্রনাট্য ও তারকাবহুল কাস্ট
‘টক্সিক- এ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ ছবিতে দ্বৈত চরিত্রে (রায়া এবং রুমি) অভিনয় করে নজর কেড়েছেন যশ। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি এবং রুক্মিণী বসন্তের মতো তারকারা। যদিও ছবির ক্লাইম্যাক্স দেখে সিক্যুয়েলের কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা, তবুও ভিন্নধর্মী এই ছবি তৈরির জন্য যশের সাহসিকতার প্রশংসা করেছেন কন্নড় সুপারস্টার কিচ্ছা সুদীপ।
চলতি সপ্তাহে ছবিটির বক্স অফিস কালেকশন কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিনোদন জগতের।