ফের মেট্রোর সামনে ঝাঁপ, নেতাজি স্টেশনে স্তব্ধ ব্লু লাইন পরিষেবা

বৃহস্পতিবার বিকেলে ফের কলকাতা মেট্রোর ব্লু লাইনে (উত্তর-দক্ষিণ করিডোর) সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হল এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার জেরে। নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
কী ঘটল?
মেট্রো সূত্রে খবর, এদিন বেলা ৩টে ১৫ মিনিট নাগাদ নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনে দ্রুত গতিতে আসা মেট্রোর সামনে এক ব্যক্তি ঝাঁপ দেন। তিনি নিজের জীবন শেষ করার চেষ্টা করছিলেন বলেই অনুমান। ঘটনাটি নজরে আসতেই স্টেশন মাস্টার এবং মেট্রো কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তড়িঘড়ি ওই অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ওই ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু হয়। এর জেরে কলকাতা মেট্রোর মূল লাইনে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ময়দান স্টেশনে মেট্রো থেকে নামিয়ে রেক খালি করে দেওয়া হয়। ফলে অফিস ফেরত যাত্রীরা চরম হয়রানির শিকার হন। ঘটনার সময় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই আংশিকভাবে মেট্রো চলাচল করছিল।
ওই ব্যক্তিকে উদ্ধারের পর বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইনের পুরো অংশে পরিষেবা পুনরায় স্বাভাবিক করেন। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা আবার শুরু হয়।
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবারও ব্লু লাইনে সিগনালিং তার কাটার কারণে পরিষেবা ব্যাহত হয়েছিল, যার ফলে অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছিল।
আত্মহত্যা কোনো সমাধান নয়
যদি আপনার মনে কখনও আত্মহত্যার চিন্তা আসে বা আপনি আপনার কোনো পরিচিতকে এই সমস্যার সঙ্গে জর্জরিত দেখেন, তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, এমন কেউ আছেন যিনি আপনার যন্ত্রণা এবং হতাশা ভাগ করে নিতে প্রস্তুত।
সাহায্যের জন্য দিনের যে কোনও সময়ে স্নেহা ফাউন্ডেশনকে (Sneha Foundation) কল করুন 044-24640050 নম্বরে। এছাড়া, টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের (TISS) হেল্পলাইন নম্বরেও (9152987821) ফোন করতে পারেন। এখানে ফোন করার সময়: সোমবার থেকে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে।