‘রাজ্যে বিরোধী দল একমাত্র বিজেপি’, বীরভূমের বোলপুরে দাঁড়িয়ে সিপিএম-তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বীরভূমের বোলপুরে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাম দল সিপিএম-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর বক্তব্য ছিল মূলত দলবদল, হিন্দু ভোট এবং রাজ্যে দুর্নীতিকে কেন্দ্র করে।
বিরোধী দলনেতা স্পষ্ট ভাষায় দাবি করেন, “রাজ্যে বিরোধী দল একমাত্র বিজেপি”। সিপিএম-কে আক্রমণ করে তিনি বলেন, “সিপিএম হিন্দু ভোট কাটে।” এরপর তৃণমূলের অভ্যন্তরে ‘দলবদলু’দের আনাগোনা নিয়েও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, “২০১১ থেকে দলবদলুদের আনাগোনা। এরা ভিতরে কংগ্রেস-সিপিএম, বাইরে তৃণমূল।”
তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা এবং পরে আবার তৃণমূলে ফেরা মুকুল রায় প্রসঙ্গেও তিনি কড়া মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, “মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করিয়েছি।” নিজের দল বিজেপির প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি স্টার্টিংয়ে নয় ফিনিশিং-এ বিশ্বাস করে।” একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন, “বিহারের মতো এবার বাংলাও জয় করব।”
দুর্নীতি নিয়ে সরব:
বীরভূম জুড়ে লুঠ ও দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “আজ বীরভূম জুড়ে চলছে লুঠ।” গরিব মানুষের জন্য কেন্দ্রের প্রকল্প আটকে রাখা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বিরোধী দলনেতা জানতে চান, “প্রধানমন্ত্রীর বাড়ি পাননি, কে খেলো?”
রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে চাকরি হবে না।” বীরভূমের বোলপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই ‘গর্জন’ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।