কানপুরে চাঞ্চল্য, জোর করে চুমু খেতে গিয়ে প্রাক্তন প্রেমিকার হাতে জিভ হারালেন যুবক, শ্লীলতাহানির অভিযোগ

বিয়ে ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও প্রাক্তন প্রেমিকাকে দেখে নিজেকে সামলাতে পারেননি এক যুবক। জোর করে চুমু খেতে গিয়েই ঘটল বিপত্তি। ইচ্ছের বিরুদ্ধে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করায় ওই প্রাক্তন প্রেমিকা যুবকের জিভের একাংশ কামড়ে ছিঁড়ে নিয়েছেন বলে অভিযোগ।

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। আহত যুবকের নাম চাম্পি (৩৫)। বিয়ের আগে ওই তরুণীর সঙ্গেই তাঁর সম্পর্ক ছিল।

জানা গেছে, তরুণীর বাবা-মা তাঁর বিয়ে অন্যত্র ঠিক করে ফেলেন। এতেই মুষড়ে পড়েন চাম্পি। বিয়ে ঠিক হওয়ার পর তরুণী চাম্পির সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন, কিন্তু চাম্পি আরও মরিয়া হয়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য জোরাজুরি করতে থাকেন।

সোমবার দুপুরে ওই তরুণী এলাকার একটি পুকুরে একা গেলে চাম্পি তাঁর পিছু নেয়। অভিযোগ, এরপর পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে ওই যুবক তরুণীর শ্লীলতাহানি করার চেষ্টা করে।

নিজেকে বাঁচাতে গিয়ে ওই তরুণী বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, চাম্পি জোর করে তাঁকে চুমু খেতে শুরু করলে তরুণী তখনই যুবকের জিভের একাংশ কামড়ে ছিঁড়ে নেন। যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করতে থাকে চাম্পি। মুখ দিয়ে প্রচণ্ড রক্তপাত শুরু হয়।

চাম্পির চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। পরে যুবকের পরিবারের লোকজন এসে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে কানপুরের বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক চাম্পির বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।