ইডেন গার্ডেন্সে আড়াই দিনে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর থেকেই পিচ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই লজ্জাজনক হারের পর এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি সরাসরি ইডেনের পিচকে ‘খুবই খারাপ’ আখ্যা দিয়ে বলেছেন, “এই পিচে আমিও বল করলে উইকেট নিতে পারতাম। স্টাম্প টু স্টাম্প বল করলে উইকেট পেতামই।”
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, “পিচটা মোটেও ভালো ছিল না। গম্ভীর ম্যাচের শেষে বলেছে, এই পিচে কোনও জুজু ছিল না। কিন্তু আমার মতে, উইকেট খুবই খারাপ ছিল। টেস্ট ম্যাচের উইকেট মোটেও ছিল না।” তিনি আরও বলেন, এই ধরনের ঘূর্ণি পিচে ভারত বরং ব্যাকফুটে থাকে।
স্কোরবোর্ডের হতাশা: শ্রীকান্ত দুই দলের স্কোর তুলে ধরে পিচের ত্রুটি প্রমাণ করতে চেয়েছেন: “রানগুলো দেখুন—১৫৯, ১৮৯, ১৫৩ ও ৯৩। এই উইকেটে সমস্যা ছিল। প্রথম দিনে বুমরাহর বল মার্করামের মাথার উপর দিয়ে চলে যায়। পেসারদের ক্ষেত্রে উত্থান-পতন ছিল এবং স্পিনারদের ক্ষেত্রে পিচ ছিল ঘূর্ণি।”
ভারত মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার সুনাম থাকা সত্ত্বেও সাইমন হার্মার এবং কেশব মহারাজের সামনে তাদের ব্যাটিং ছিল ‘অয়ারাম-গয়ারাম’। যদিও ওয়াশিংটন সুন্দর (৩১) এবং অক্ষর প্যাটেল কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
তবে এই হারের পর যেখানে অনেকেই পিচকে দুষছেন, সেখানে প্রোটিয়া অধিনায়ক বাভুমার নিখুঁত ব্যাটিং প্রমাণ করেছে যে দক্ষতাই শেষ কথা। বিশেষজ্ঞদের মতে, ভারতের ব্যাটাররা সেই দক্ষতাই দেখাতে পারেননি।