উনিশ শতকের অন্যতম সেরা সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে এবার সরাসরি ব্রিটিশদের “এজেন্ট” বলে আখ্যা দিলেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। তাঁর এই বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে ফের রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।
অগর মালওয়ায় বিরসা মুন্ডার জয়ন্তীর একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে পারমার দাবি করেন, রামমোহন রায় ব্রিটিশদের স্বার্থে ভারতীয় সমাজকে জাতিভেদে বিভক্ত করেছিলেন। তাঁর অভিযোগ, ইংরেজি শিক্ষার হাত ধরে বাংলায় তখন ধর্মান্তরকরণের একটি “দুষ্টচক্র” ছড়িয়ে পড়েছিল।
পারমার বলেন, “ব্রিটিশদের প্রভাবে বহু সমাজ সংস্কারক পথভ্রষ্ট হয়েছিলেন। বিরসা মুন্ডাই সেই চক্র ভেঙে সমাজ ও জনজাতি পরিচয়কে রক্ষা করেছিলেন।”
কংগ্রেসের তীব্র নিন্দা ও কটাক্ষ
পারমারের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তা প্রশ্ন তুলেছেন, “সতীদাহ প্রথা বিলোপ কি তবে ব্রিটিশ দালালি?” তাঁর কটাক্ষ, “যারা সত্যিকার অর্থে দেশবিরোধী ইতিহাস রচনা করেছে, তারাই আজ রামমোহনদের টার্গেট করছে— এ লজ্জাজনক।”
ইন্দর সিং পারমারের পুরনো বিতর্ক
এটি প্রথমবার নয়, এর আগেও ইন্দর সিং পারমার ইতিহাস সংক্রান্ত একাধিক মন্তব্যে বিতর্ক সৃষ্টি করেছেন।
-
ভাস্কো দ্য গামা: তিনি দাবি করেছিলেন, ভারতকে আবিষ্কার করেননি ভাস্কো দ্য গামা, বরং এক ব্যবসায়ী চন্দন নাকি প্রথম “ভারতকে খুঁজে পেয়েছিলেন”।
-
ইতিহাস বিকৃতি: স্কুলশিক্ষা দফতরের দায়িত্বে থাকাকালেও তাঁর অভিযোগ ছিল, “দেশে যত ইতিহাস শেখানো হয়, সবই মিথ্যে।” তাঁর দাবি ছিল, স্বাধীনতা সংগ্রামীদের আগে–পরে “এজেন্ট” বসিয়ে দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে এবং বিদেশি অভিযাত্রীদের নায়ক বানানো হয়েছে।
-
লাইব্রেরিতে RSS-এর বই: তাঁর দফতর সম্প্রতি সরকারি–বেসরকারি কলেজগুলিকে নির্দেশ দেয় যে লাইব্রেরিতে ৮৮টি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক— যার অনেকগুলিই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)–সংযুক্ত লেখকদের। এর মধ্যে আরএসএস–এর প্রাক্তন পদাধিকারী সুরেশ সোনির তিনটি বইও রয়েছে।
রামমোহন রায়ের ঐতিহাসিক অবদান
বাঙালির ইতিহাসে রাজা রামমোহন রায় এক উজ্জ্বল নাম। তিনি অন্ধত্ব, গোঁড়ামি, অশিক্ষা এবং সতীদাহের মতো কুপ্রথার বরাবর বিরোধিতা করে যুক্তিবাদ ও মানবতাবাদের পক্ষে ছিলেন। তিনিই প্রথম ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা বেদান্ত বা উপনিষদের ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। একইসঙ্গে ইউরোপীয়দের বর্ণশ্রেষ্ঠ মানসিকতার বিরুদ্ধে ভারতীয়দের সমানাধিকারের পক্ষে সর্বদা সোচ্চার ছিলেন তিনি।