প্রেমিকের কাছে কি আপনি ‘দ্বিতীয় পছন্দ’? এই ৩ লক্ষণ দেখলেই বুঝবেন সঙ্গী আপনার চেয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত!

ভালোবাসা এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই যেকোনো সম্পর্ক মজবুত হয়। দুজন মানুষের পারস্পরিক আকর্ষণ ও বিশ্বাসে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় সম্পর্কের ভারসাম্যে বড়সড় তারতম্য। একজন সঙ্গী হয়তো অন্যজনের জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত, কিন্তু অন্যজনের মধ্যে ভালোবাসার সেই বিপুল স্রোত দেখা যায় না। তিনি শুধু পাড়ে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব জানান দেন।

এই পরিস্থিতিতে যিনি বেশি আবেগ বিনিয়োগ করেন, তাঁর মধ্যে ‘অস্তিত্ব সংকট’ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এমন অনুভূতি তখনই আসে যখন আপনার সঙ্গী আপনাকে তাঁর প্রথম পছন্দ হিসেবে মনে করেন না। আপনার আগে তাঁর জীবনে অন্য কোনো মানুষ বা অন্য কিছুকে তিনি বেশি গুরুত্ব দেন। সঙ্গীর কয়েকটি বিশেষ লক্ষণ দেখেই আপনি সহজে এই বিষয়টি বুঝে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি সম্পর্কে:

১. পূর্ব পরিকল্পনা করতে নারাজ

সিনেমা দেখা, রেস্তোরাঁয় খেতে যাওয়া বা সাধারণ সাক্ষাতের মতো বিষয়গুলিতেও কি আপনার সঙ্গী আগে থেকে কোনো পরিকল্পনা করতে নারাজ? এমনটা হলে ধরে নেওয়া যেতে পারে যে, তাঁর অন্য কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা রয়েছে, যার গুরুত্ব আপনার চেয়ে বেশি। সেই পরিকল্পনার উপরই নির্ভর করছে তিনি আপনার সঙ্গে কখন সময় কাটাবেন।

২. দরকার ছাড়া কথা না বলা

সম্পর্কে আছেন বলেই দিনের প্রতিটি মুহূর্তে কাছাকাছি থাকতে হবে এমন কোনো মানে নেই। তবে ‘দরকার ছাড়া’ আর অন্য কোনো কথা না হওয়া মোটেও একটি সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। যদি আপনার সঙ্গী ব্যস্ততার দোহাই দিয়ে আপনাকে এড়িয়ে যান, অথচ নেটমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় সব সময় সক্রিয় থাকেন, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আপনার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু তাঁর কাছে আছে।

৩. আপনার সঙ্গে করা পরিকল্পনা ঘন ঘন বাতিল করে দেওয়া

আপনারা দু’জনে একসঙ্গে অনেকদিন পর কোথাও ঘুরতে বেরোবেন বলে আশা করে আছেন। হঠাৎ করেই শেষ মুহূর্তে আপনার সঙ্গী ‘কাজ পড়ে গিয়েছে’ বলে সেই পরিকল্পনা ভেস্তে দিলেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে, তাঁর সেই কাজ আপনার সঙ্গে কাটানো সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তবে বলে রাখা ভালো, আগে থেকেই ভুল বুঝবেন না। সঙ্গত কোনো কারণেই তাঁকে পরিকল্পনাটি বাতিল করতে হতে পারে।

৪. একসঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে না রাখা

দু’জনের একসঙ্গে তৈরি করা সুন্দর মুহূর্তগুলো আপনার ভালো থাকার রসদ হতে পারে, কিন্তু আপনার সঙ্গীর সেসব কিছুই মনে নেই। এর অর্থ হতে পারে, ওই মুহূর্তগুলো আপনার কাছে যতটা দামি, অপরদিকের মানুষটির কাছে সেই স্মৃতিগুলো আলাদা করে কোনো মানে রাখে না বা তিনি সেগুলিকে খুব বেশি গুরুত্ব দেন না।